মালদ্বীপ সরকার বাংলাদেশ থেকে অধিক সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে দেশটি বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করার আগ্রহও প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২১ মে) দেশে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে। হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী গীলা আলী এ আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতে দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী গীলা আলী বলেন, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা খাত সচল রাখতে দেশটিতে থেরাপিস্টসহ বিশেষায়িত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন রয়েছে। দক্ষ স্বাস্থ্যকর্মী ও দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বাংলাদেশ এই প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি আরও জানান, বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করা হয়েছে এবং আরও বেশি চিকিৎসক ও থেরাপিস্ট নিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ওষুধ শিল্পের আন্তর্জাতিক মান ও উৎপাদন সক্ষমতার ভিত্তিতে সরাসরি ওষুধ আমদানির সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।
বাংলাদেশি হাইকমিশনার আশ্বস্ত করেন যে, থেরাপিস্ট ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টি ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। শিগগিরই একটি দল দক্ষ বাংলাদেশি স্বাস্থ্যকর্মী মালদ্বীপে যোগ দিয়ে দেশটির স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
সাক্ষাতের সময় মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে মেডিকেল ইন্টার্নশিপের সুযোগ, পূর্ণ অর্থায়িত শিক্ষাবৃত্তি এবং সাশ্রয়ী চিকিৎসা শিক্ষার সুবিধার কথাও উল্লেখ করা হয়। এছাড়া, দুই দেশের স্বাস্থ্য সহযোগিতা সংক্রান্ত বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উভয় পক্ষই দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতা এবং সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

