ঢাকা, ১৭ মে: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, সুশাসন নিশ্চিত, মানসম্পন্ন শিক্ষা বিস্তার এবং সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
রোববার জাতীয় সংসদ ভবনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
ডেপুটি স্পিকার বলেন, সংসদ সদস্য হওয়ার আগ থেকেই তিনি সংখ্যালঘু, মানবাধিকার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছেন। তিনি উল্লেখ করেন, গারো ও হাজং সম্প্রদায়ের মানুষের সমর্থনে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং এসব জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সংসদীয় ব্যবস্থায় সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসডিজি বাস্তবায়নে আগ্রহী সংসদ সদস্যদের সমন্বয়ে ককাস গঠন করা গেলে একটি মানবিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। তরুণ সংসদ সদস্যরা উন্নত বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা জানান, প্ল্যাটফর্মটি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। একই সঙ্গে তারা একটি স্বাধীন সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ মানসম্পন্ন শিক্ষা, জনসেবা, সুশাসন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, ইফতেখারুজ্জামান, সঞ্জীব দ্রং, হাসিন জাহান, জাকির হোসেন, আশরাফুন নাহার মিষ্টি এবং তারান্নুম জিনানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

