ঢাকা,
  1. বিনোদন
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

‘কোথায় এই দেশের নিরাপত্তা’, মধ্যরাতে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

editor2
November 9, 2026 3:52 pm
শেয়ার:
Link Copied!

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে স্টল ভাঙচুরের অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী।

রোববার রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন পরীমনি। তাঁর দাবি, অনুষ্ঠান শেষে তাঁকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পরীমনি জানান, নির্ধারিত সময়ে অনুষ্ঠানের মঞ্চে উঠতে পারেননি তিনি। তবে দর্শকেরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর একপর্যায়ে কয়েকজন আক্রমণাত্মক আচরণ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে পরীমনি বলেন, কারও কোনো ক্ষোভ থাকলে তাঁর সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল।

তিনি আরও অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাঁকে থানায় ফোন করতে হয়। এমনকি নিরাপত্তার কারণে গাড়িতেও উঠতে পারেননি বলে দাবি করেন তিনি।

ফেসবুক লাইভে পরীমনি বলেন, গুলশান থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও তাঁকে বের হতে সহায়তা করতে পারেনি। পরে অতিরিক্ত পুলিশ ডাকা হয়। এ সময় দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অনুষ্ঠানে স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি জানতে চান, এসব ঘটনার দায় কে নেবে। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ থাকলে সরাসরি আলোচনার মাধ্যমে তা সমাধানের আহ্বান জানান তিনি।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, সামান্য একটি সমস্যা হয়েছিল, যা দ্রুত সমাধান করা হয়েছে। পরীমনি নিরাপদে বাসায় ফিরেছেন। তবে গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

সম্প্রতি একটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পান পরীমনি। এরপর এক সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।