বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল অবশেষে তাঁদের একমাত্র ছেলে বিহানের মুখ প্রকাশ্যে এনেছেন। দীপাবলি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সঙ্গে একটি পারিবারিক ছবি শেয়ার করেন তাঁরা।
গত ৭ নভেম্বর বিহানের প্রথম জন্মদিন ছিল। এর এক দিন পর দীপাবলি উপলক্ষে যৌথ ইনস্টাগ্রাম পোস্টে ছবিটি প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ক্যাপশনে তাঁরা লেখেন, ‘এখন পর্যন্ত আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে আলো ও ভালোবাসায় ভরা উৎসবের শুভেচ্ছা—ভিকি, ক্যাটরিনা ও বিহান।’
উৎসবের দিনে পুরো কৌশল পরিবারকে দেখা গেছে একই ধরনের পোশাকে। ক্যাটরিনার পরনে ছিল হলুদ সালোয়ার-কামিজ, ভিকি পরেছিলেন বেইজ রঙের কুর্তা। আর ছোট্ট বিহানকে দেখা যায় বেইজ কুর্তার সঙ্গে হলুদ ওয়েস্টকোট পরা অবস্থায়।
ছবিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্তদের পাশাপাশি বলিউডের অনেক তারকাও ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেত্রী অনন্যা পান্ডে ‘ও মাই গড’ লিখে ভালোবাসার ইমোজি দেন। সোনম কাপুরও দীপাবলির শুভেচ্ছা জানান। অন্যদিকে কিয়ারা আদভানি একাধিক হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। তারকাদের মন্তব্যে ভরে ওঠে পোস্টের মন্তব্যের ঘর।
এর আগে স্ত্রী ও সন্তানের সঙ্গে কাটানো সময় নিয়ে কথা বলেছিলেন ভিকি কৌশল। পিতৃত্বের অনুভূতিকে জাদুকরী অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে তিনি বলেছিলেন, স্ত্রীর মুখে আনন্দ আর সন্তানের মুখে হাসি দেখলে সময়টা থামিয়ে রাখতে ইচ্ছা করে।
সন্তানের জন্মের দুই মাস পর ২০২৬ সালের জানুয়ারিতে ছেলের নাম প্রকাশ করেন এই দম্পতি। তাঁরা জানান, ছেলের নাম রাখা হয়েছে বিহান কৌশল।
প্রথম জন্মদিনের পর ছেলের মুখ প্রকাশ্যে এনে ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত উপহার দিলেন ক্যাটরিনা ও ভিকি। বিষয়টি নিয়ে এখন বলিউড অঙ্গনে বেশ আলোচনা চলছে।

