ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ ক্ষেত্রে আবেগের কোনো স্থান নেই; বরং রাষ্ট্রীয় আইন যথাযথভাবে প্রয়োগ করাই সরকারের মূল লক্ষ্য।
রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা জানতে চান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে কোনো আইনি লড়াইয়ে যাবে কি না বাংলাদেশ।
জবাবে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সরকার তা যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করছে। এ ক্ষেত্রে নেওয়া প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ আইনসংগত।
তিনি বলেন, ‘যখনই কোনো পদক্ষেপ নেওয়া হবে, সেখানে আবেগের কোনো বিষয় থাকবে না। মূল বিষয় হলো, আমি আমার আইন যথাযথভাবে প্রয়োগ করব।’
ভারতের আদালতের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি একান্তই ভারত সরকারের অভ্যন্তরীণ বিষয়। তবে দ্বিপক্ষীয় বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ইতোমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে।
ভারত শেখ হাসিনাকে বন্দি হিসেবে বিবেচনা না করে ‘রাষ্ট্রীয় অতিথি’ হিসেবে দেখছে—এমন প্রশ্নের জবাবে কঠোর অবস্থান তুলে ধরেন মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ভারত কী বলছে, তাতে বাস্তবতা পরিবর্তন হবে না। বাংলাদেশে উন্মুক্ত আদালতে শেখ হাসিনার বিচার হয়েছে। দেশের ট্রাইব্যুনাল তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। বাংলাদেশের কাছে তাঁর পরিচয় একজন সাজাপ্রাপ্ত অপরাধী—এটাই চূড়ান্ত।

