ঢাকা,
  1. জাতীয়
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

editor2
November 9, 2026 12:07 pm
শেয়ার:
Link Copied!

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আইনজীবীদের মাধ্যমে এ আবেদন জমা দিয়েছেন তিনি। ৮ নভেম্বর পাঠানো একটি চিঠি পর্যালোচনা করে সোমবার এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এবারই প্রথম সামনে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ফেরার পথ তৈরি করতে এটি শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার জন্য ভারত থেকে দেশে ফেরার উদ্দেশ্যে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন পলাতক আসামি। তাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট নয়, প্রয়োজন বিচারিক প্রক্রিয়া। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে।

এর আগে গত ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান তিনি।

তবে দেশে ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় আওয়ামী লীগ। দলটির নেতারা রয়টার্সকে জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করা হবে।

বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন। কেউ কেউ অন্য দেশে আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে কারাগারে আছেন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন।

লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।

চিঠিতে বলা হয়েছে, আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার জন্য নতুন নথি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আইনজীবীরা শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

অন্যদিকে, তার দেশে ফেরার বিষয়টি ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।